জুলাই আন্দোলনের হত্যা মামলায় অভিনেতা সিদ্দিককে গ্রেপ্তার দেখালেন আদালত
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৪:২৬
ছবি : সংগৃহীত
জুলাই আন্দোলনের সময় রাজধানীর গুলশান থানার একটি হত্যা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
বুধবার (২০ আগস্ট) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইন মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে গ্রেপ্তারের আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই সামিউল ইসলাম ১২ আগস্ট সিদ্দিককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের ১৯ জুলাই গুলশানের সুবাস্তু টাওয়ারের সামনে বন্ধুদের সঙ্গে আন্দোলনে অংশ নেন ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী। জুমার নামাজের পর আন্দোলনকারীদের ছোড়া গুলিতে আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর পারভেজের বাবা মো. সবুজ ২ জুলাই গুলশান থানায় মামলা দায়ের করেন।
এর আগে গত ২৯ এপ্রিল বিকেলে রাজধানীর বেইলি রোড এলাকা থেকে একদল যুবক সিদ্দিককে আটক করে মারধর করে রমনা মডেল থানার পুলিশে হস্তান্তর করেন। পরে রমনা থানা পুলিশ তাকে গুলশান থানায় নিয়ে যায়। সাতদিনের হেফাজতের পর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
ডিআর/এএ

