জুলাইয়ের আরেক হত্যা মামলায় সালমান, আনিসুল ও আতিক গ্রেপ্তার
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৮
জুলাই অভ্যুত্থান কালীন রাজধানীর মিরপুর থানার মাহফুজ হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ চার জনকে আদালত গ্রেপ্তার দেখিয়েছে।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর) পুলিশের আবেদন মঞ্জুর করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া এই আদেশ দেন।
গ্রেপ্তার দেখানো অন্য আসামিরা হলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম (৫৮) ও রাজধানীর কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন মোল্যা (৪৯)। মিরপুর মডেল থানার উপপরিদর্শক মোঃ তরিকুল ইসলাম এদিন আদালতে তাদের হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পিপি ওমর ফারুক ফারুকী গ্রেপ্তারের পক্ষে শুনানি করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই মিরপুর-১০ এলাকায় শান্তিপূর্ণভাবে আন্দোলনে অংশ নেন মাহফুজুর রহমান। এদিন পুলিশ ও আওয়ামী লীগ নেতা কর্তৃক গুলি চালানো হলে তার মাথার ডান কানের পাশে গুলি লেগে অন্য পাশে বের হয়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
মামলায় সালমান এফ রহমান ৭ নম্বর, আনিসুল হক ৮ নম্বর, জসিম ১৫ নম্বর এবং আতিকুল ইসলাম ২০ নম্বর এজাহারনামীয় আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
জেএন/এমএইচএস

