ট্রাইব্যুনালে তদন্তকারী কর্মকর্তা
জুলাই আন্দোলন দমনে ৩ লাখ ৫ হাজার গুলি ছুঁড়েছিল পুলিশ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:২৮
ফাইল ছবি (সংগৃহীত)
গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দমনে পুলিশ সারাদেশে ৩ লাখ ৫ হাজার ১১ রাউন্ড গুলি ব্যবহার করেছিল। এর মধ্যে শুধু ঢাকা শহরে ছোঁড়া হয়েছিল ৯৫ হাজার ৩১৩ রাউন্ড।
সোমবার (২৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলায় রাষ্ট্রপক্ষের ৫৪তম ও সর্বশেষ সাক্ষী হিসেবে জবানবন্দী দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা মো. আলমগীর। তিনি জানান, নির্বিচারী এবং শান্তিপূর্ণ ছাত্র-জনতার ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার এবং হত্যার নির্দেশ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
মো. আলমগীর বলেন, পুলিশ সদর দপ্তর থেকে পাওয়া ২২৫ পৃষ্ঠার প্রতিবেদনে দেখা গেছে, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন দমনে এলএনজি, চাইনিজ রাইফেল, শর্টগান, রিভলভার, পিস্তলসহ বিভিন্ন ধরনের মারণাস্ত্র ব্যবহার করা হয়েছিল।
তিনি আরও জানান, তদন্তে উঠে এসেছে অন্তত দেড় হাজারেরও বেশি মানুষ নিহত ও আহত হয়েছেন। আন্দোলনরত ছাত্রীদের ওপর যৌন নিপীড়ন, অপহরণ, মিথ্যা মামলা দায়ের এবং নিহতদের মরদেহ পরিবারকে না দিয়ে দ্রুত দাফনের মতো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে।
ট্রাইব্যুনালে মো. আলমগীরের জবানবন্দী দুই দিন ধরে চলবে এবং মঙ্গলবার শুনানি মুলতবি করা হয়েছে।
এই মামলায় আসামি তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ডিআর/এমএইচএস

