ছবি : বাংলাদেশের খবর
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকার দ্বিতীয় বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. ইব্রাহিম মিয়া এ রায় ঘোষণা করেন।
আদালতের নির্দেশ অনুযায়ী, সম্রাট নিজে আত্মসমর্পণ বা গ্রেফতারের তারিখ থেকে তার সাজা শুরু হবে। মামলায় মোট ১০ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।
রায়ে বলা হয়েছে, অভিযুক্ত ইসমাইল চৌধুরী সম্রাটকে অস্ত্র আইন, ১৮৭৮ এর ১৯ (ক) ধারার অধীনে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত দোষী সাব্যস্ত করার পরও পরোয়ানা জারি করেছে। সাজা তার আত্মসমর্পণ বা গ্রেফতারের তারিখ থেকে কার্যকর হবে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাটকে গ্রেফতার করে র্যাব। পরে তাকে কাকরাইলের কার্যালয়ে নেওয়া হলে সেখানে বিপুল পরিমাণ বিদেশি মদ, পিস্তল ও বিরল প্রজাতির বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয়। বন্যপ্রাণীর চামড়া রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।
পরের দিন, ৭ অক্টোবর, র্যাব-১-এর ডিএডি আব্দুল খালেক রমনা থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২০ সালের ৬ নভেম্বর আদালতে অস্ত্র মামলায় অভিযোগপত্র জমা দেওয়া হয়।
চলতি বছরের ১৬ জানুয়ারি ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করার আদেশ দেন।
এআরএস

