Logo

আইন ও বিচার

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১১:৩৭

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে করা আপিলের শুনানি শেষে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন আপিল বিভাগ। আগামী ২০ নভেম্বর এ বিষয়ে রায় ঘোষণা করা হবে।

মঙ্গলবার (১১ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ রায়ের এ তারিখ নির্ধারণ করেন। টানা ১০ দিন শুনানি শেষে দেশের সর্বোচ্চ আদালত ঐতিহাসিক এ মামলার রায়ের দিন ঘোষণা করেন।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের অন্য ছয় বিচারপতি হলেন- মো. আশফাকুল ইসলাম, জুবায়ের রহমান চৌধুরী, মো. রেজাউল হক, এস এম ইমদাদুল হক, এ কে এম আসাদুজ্জামান ও ফারাহ মাহবুব।

আদালতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরানোর পক্ষে রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. শরীফ ভূঁইয়া। বিএনপির পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জামায়াতে ইসলামীর পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির যুক্তিতর্ক উপস্থাপন করেন।

ইন্টারভেনর হিসেবে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, অ্যাডভোকেট মহসীন রশিদ ও ব্যারিস্টার শাহরিয়ার কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।

গত ২১ অক্টোবর থেকে শুরু হওয়া এ মামলার শুনানি চলে টানা ১০ দিন। এর আগে গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদন শুনানি শেষে আপিলের অনুমতি দেন আদালত।

এরপর ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচজন নাগরিক, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আপিল দাখিল করেন।

উল্লেখ্য, ২০১১ সালের ১০ মে সংবিধানের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা হয়। এরপর থেকে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিভিন্ন নাগরিক ও রাজনৈতিক মহল থেকে মামলা ও আন্দোলন চলমান রয়েছে।

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হাইকোর্ট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন