Logo

আইন ও বিচার

আনিস আলমগীর-শাওনসহ ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

আনিস আলমগীর ডিবি কার্যালয়ে

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:০০

আনিস আলমগীর-শাওনসহ ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ছবি : সংগৃহীত

সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ রাজধানীর উত্তরা পশ্চিম থানায় এ অভিযোগ করেন। অভিযুক্ত অপর দুজন হলেন- মারিয়া কিশপট্ট ও ইমতু রাতিশ ইমতিয়াজ।

উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) জুয়েল বিষয়টি নিশ্চিত করে জানান, সাংবাদিক আনিস আলমগীর ও মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে একসঙ্গেই অভিযোগ দায়ের করা হয়েছে।

থানায় দায়ের করা অভিযোগে বলা হয়, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারীরা বিভিন্ন কৌশলে দেশে অবস্থান করে রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা এসব কর্মকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নানাভাবে সম্পৃক্ত।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন টেলিভিশন টক শোতে অংশ নিয়ে নিষিদ্ধ সংগঠনকে পুনরুজ্জীবিত করার প্রচারণা চালাচ্ছে। এর মাধ্যমে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা করছে বলে অভিযোগ করা হয়।

এতে বলা হয়, অভিযুক্তদের বক্তব্য ও অনলাইন কার্যক্রমের কারণে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা উসকানি পাচ্ছে। এর ফল হিসেবে তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, সহিংসতা ও অবকাঠামো ধ্বংসের মতো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

এদিকে, সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে। রোববার রাত ৮টার দিকে তাকে ধানমন্ডি এলাকার একটি ব্যায়ামাগার থেকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, সাংবাদিক আনিস আলমগীরকে এখনো ডিবি হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তা এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মামলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর