Logo

আইন ও বিচার

ইনুর মামলায় দুজনের সাফাই সাক্ষ্য ২২ ফেব্রুয়ারি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:০০

ইনুর মামলায় দুজনের সাফাই সাক্ষ্য ২২ ফেব্রুয়ারি

ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মামলায় তাঁর পক্ষে সাফাই সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২২ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারক মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এদিন মামলায় তিনজন সাফাই সাক্ষীর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষের আইনজীবীরা সাক্ষীদের হাজির করতে পারেননি। পরে তাঁরা নতুন করে আরও তিনজন সাফাই সাক্ষী উপস্থাপনের আবেদন করেন। প্রস্তাবিত তিন সাক্ষীর মধ্যে দুজন বাংলাদেশি এবং একজন বিদেশি।

ট্রাইব্যুনাল দুই বাংলাদেশি সাক্ষীকে হাজিরের অনুমতি দিলেও বিদেশি সাক্ষীকে অনুমতি দেননি।

ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আসামিপক্ষের আইনজীবী সিফাত মাহমুদ বলেন, বিদেশি যে ব্যক্তিকে সাফাই সাক্ষী হিসেবে হাজির করতে চাওয়া হয়েছিল, তিনি আন্তর্জাতিক অপরাধ আইনের একজন বিশেষজ্ঞ। তাঁর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রুয়ান্ডা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যুগোস্লাভিয়ায় (বর্তমানে বিলুপ্ত) কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তবে ট্রাইব্যুনাল মনে করেছেন, ওই বিদেশি এ মামলার সাক্ষ্যের জন্য প্রয়োজনীয় নন। তাই তাঁকে সাক্ষী হিসেবে উপস্থাপনের অনুমতি দেওয়া হয়নি।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর