মির্জা আব্বাসকে ভয়ভীতি দেখানো অভিযোগে পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১১:২৭
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে অপরাধমূলক ভয়ভীতি দেখানো এবং মানহানির অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে অপরাধমূলক ভয়ভীতি দেখানো এবং মানহানির অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
রোববার (৮ মার্চ) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. হাসান শাহাদাতের আদালতে মামলার আবেদনটি করেছেন রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম।
বাদীপক্ষের আইনজীবী আমিরুল ইসলাম (আমীর) এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজই এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মামলায় আবেদনে বলা হয়েছে, ‘ত্রয়োদশ সংসদ নির্বাচনে নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি নিয়ে মির্জা আব্বাসের সঙ্গে বিপুল ভোটে হেরে যায়। নির্বাচনের সময় এ আসামি বিভন্ন সময়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেন। কেবল তাই নয়, নির্বাচনে বিপুল ভোটে হেরে যাওয়ার পর আরও বেশি করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এবং বিভিন্ন অনলাইন পত্রিকার মাধ্যমে মিথ্যা মানহানিকর বক্তব্য ও বিভিন্ন হুমকি প্রদান করছে।’
‘সর্বশেষ ৫ মার্চ ফেসবুকে আশরাফুল ইসলাম দেখতে পান, পাটওয়ারী মির্জা আব্বাসকে নিয়ে বিভিন্ন মানহানিকর বক্তব্য দিয়েছেন। বক্তব্যগুলো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে ভাইরাল করে দিয়ে মির্জা আব্বাসের মান সম্মান ক্ষুন্ন করেছে। মির্জা আব্বাসের সুনাম ও রাজনৈতিক ক্যারিয়ারে কালিমা লেপনের জন্য নাসীরুদ্দীন পাটওয়ারী উদ্দেশ্যে প্রণোদিতভাবে এবং ইচ্ছাকৃতভাবে একের পর এক মিথ্যা বানোয়াট বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। যা সকল প্রকার শিষ্টাচার সভ্যতার রীতিনীতি বহির্ভূত ও মানহানিকর।’
উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনে মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটাওয়ারী ঢাকা-৮ আসন থেকে মনোনয়ন পান। এ নির্বাচনে মির্জা আব্বাস পেয়েছেন ৫৬ হাজার ৫৫২ ভোট। নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট। মির্জা আব্বাস ৪৯৮০ ভোটে জয়ী হন।
এমবি

