গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে তারেক রহমানকে ৯ সংগঠনের চিঠি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১৭:৪৯
মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক ৯টি সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে), আর্টিকেল ১৯, হিউম্যান রাইটস ওয়াচসহ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়েছে।
সংগঠনগুলো যৌথভাবে একটি চিঠিতে সাংবাদিকদের গ্রেপ্তার মুক্তি দেওয়ার, সাইবার আইনের মামলা পর্যালোচনা করার এবং সাংবাদিক ও গণমাধ্যমের ওপর আক্রমণের ঘটনা দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্তের জন্য পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন।
চিঠি পাঠানো হয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। এটি সিপিজের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
সংগঠনগুলো উল্লেখ করেছে, “আপনি নিজেই বলেছেন, এখন বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায় লেখার সুযোগ এসেছে। তাই আপনার উদ্যোগগুলো বহু বছর ধরে মানুষের অধিকারের ওপর প্রভাব ফেলবে।” চিঠিতে দেশের মানবাধিকার পরিস্থিতির জরুরি চ্যালেঞ্জ যেমন জোরপূর্বক গুম, নির্যাতন, মব সংস্কৃতি, সংখ্যালঘু ও নারীর নিরাপত্তা এবং পার্বত্য চট্টগ্রামের দমনমূলক কর্মকাণ্ডের বিষয়েও সতর্ক করে বলা হয়েছে।
৯টি সংগঠন এই চিঠিতে সরাসরি উল্লেখ করেছে যে নতুন সরকারকে এখন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপের মধ্যে মানবাধিকারের মান রক্ষা করতে হবে। পাশাপাশি তারা বাংলাদেশের সরকারের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারিত্বে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন।

