শাপলা চত্বর হত্যা মামলা:
‘রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিও রেহাই পাবেন না’
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১৯:১৮
সংগৃহীত
শাপলা চত্বরে সংঘটিত বহুল আলোচিত হত্যাযজ্ঞের ঘটনায় রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরাও তদন্তের বাইরে থাকবেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, “এই মামলায় যারই সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তিনি যত উচ্চপদস্থই হোন না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।”
মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
চিফ প্রসিকিউটর জানান, এ ঘটনায় সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডলকে প্রধান কুশীলব হিসেবে চিহ্নিত করা হয়েছে। তদন্তে তার সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তিনি বলেন, “জলিল মণ্ডলের পরিকল্পনাতেই এই ঘটনার বাস্তবায়ন হয়েছে- এমন প্রমাণ আমাদের হাতে এসেছে। বিষয়টি আরও গভীরভাবে যাচাই করা হচ্ছে।”
তিনি আরও জানান, আবদুল জলিল মণ্ডলের বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন তাকে খোঁজার পর অবশেষে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। মঙ্গলবার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
মামলার অগ্রগতি সম্পর্কে আমিনুল ইসলাম বলেন, তদন্তকাজ এখন প্রায় শেষ পর্যায়ে। আগামী ৫ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত তারিখ রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন জমা দিয়ে দ্রুত ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দাখিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি বলেন, “আমরা চাই এই মামলার বিচার দ্রুত শুরু হোক। এজন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে, যাতে অভিযোগ দাখিলের পরপরই বিচারিক কার্যক্রম শুরু করা যায়।”
চিফ প্রসিকিউটর আরও জানান, এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন পুলিশপ্রধান বেনজীর আহমেদের নামও তদন্তের আওতায় রয়েছে।
শাপলা চত্বরের এই ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিচার দাবি করে আসছে বিভিন্ন মহল। তদন্ত শেষ পর্যায়ে পৌঁছানোয় শিগগিরই এ মামলার বিচার প্রক্রিয়া শুরু হবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশের খবর/আরকে

