Logo

আইন ও বিচার

সাত জেলায় ই-বেইলবন্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১৫:৩৩

সাত জেলায় ই-বেইলবন্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিচারপ্রক্রিয়া সহজ ও বিচারব্যবস্থায় ডিজিটাল বিপ্লব ত্বরান্বিত করতে সাত জেলায় ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সোমবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এই সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

জেলাগুলো হলো- বগুড়া, নারায়ণগঞ্জ, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেট।

এর আগে, বেলা ১১টার দিকে বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন তারেক রহমান। 

জামিনের পর কারামুক্তিতে যে দীর্ঘসূত্রিতা রয়েছে সেই দুর্ভোগ ‘ই-বেইলবন্ড’র মাধ্যমে নিরসন হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, শুধু প্রযুক্তির উন্নয়নই নয়; আমরা মানসিকতারও উন্নয়ন চাই। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই, যে বিচার ব্যবস্থায় প্রধানমন্ত্রী কিংবা মন্ত্রী, পুলিশ কর্মকর্তা কিংবা কর্মকর্তা এবং একজন সাধারণ নাগরিকের মধ্যে কোনো তফাৎ থাকবে না। যে বিচার ব্যবস্থা থাকবে সম্পূর্ণ স্বাধীন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার অনবদ্য পাদপীঠ।

তারেক রহমান বলেন, আমরা বিশ্বাস করি, অ্যাকসেস টু জাস্টিস ফর অল । ন্যায়বিচার কোনো দয়া বা করুণার বিষয় নয়। এটি প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। আজকের এই ডিজিটাল উদ্যোগ সেই অধিকার প্রতিষ্ঠার পথে একটি বিশাল মাইলফলক।

এদিন সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় গেলেন তিনি। তার সফরসঙ্গী হিসেবে আছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

সকাল ৯টা ৫৮ মিনিটে বগুড়া সার্কিট হাউসে পৌঁছায় প্রধানমন্ত্রীর গাড়িবহর। এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। ডা. জুবাইদা রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সালমা আক্তার।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন