Logo

আইন ও বিচার

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের আবারও রিমান্ডে

Icon

আইন ও আদালত ডেস্ক :

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১৮:১৯

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের আবারও রিমান্ডে

সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়ের করা হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক পরিচালক ও বহিষ্কৃত কর্মকর্তা মো. আফজাল নাছেরের আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৯ এপ্রিল) এ মামলায় দুই দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আশরাফুল আলম আসামিকে পুনরায় সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে একই মামলায় গত ২৩ এপ্রিল চার দিনের এবং ২৭ এপ্রিল দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল।

জানা গেছে, গত ৩০ মার্চ গভীর রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয়। এরপর বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।

মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট মাহমুদুল হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে অংশ নেন। বিকেল ৪টার দিকে উত্তরা পূর্ব থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে আজমপুর ফুটওভার ব্রিজের নিচে আন্দোলনকারীরা পৌঁছালে আসামিসহ অজ্ঞাতনামা কয়েকজন বেআইনিভাবে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে মাহমুদুল হাসান গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহত মাহমুদুল হাসানের মামা বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় হত্যা মামলা দায়ের করেন।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন