ঢাকা আইনজীবী সমিতি নির্বাচন
জাল ভোট ও অনিয়মের অভিযোগ, ফল নিয়ে প্রশ্ন তুলল ল’ইয়ার্স কাউন্সিল
আইন ও আদালত ডেস্ক :
প্রকাশ: ০২ মে ২০২৬, ১৮:১৫
সংগৃহীত
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে জাল ভোট প্রদান, ভোট টেম্পারিং এবং নির্বাচন কমিশন গঠনে পক্ষপাতিত্বসহ নানা অনিয়মের অভিযোগ তুলেছে জামায়াতপন্থি আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল। তাদের দাবি, এসব কারণে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়নি।
শনিবার (২ মে) সংগঠনটির সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব অভিযোগ করেন।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ভোটগ্রহণ চলাকালে বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দেওয়া হয়েছে এবং অনেক ভোটার ভোট দিতে এসে জানতে পারেন, তাদের ভোট আগেই দেওয়া হয়ে গেছে। এছাড়া বিভিন্ন বুথে অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ করে ভোট টেম্পারিংয়ের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করা হয়।
তিনি আরও বলেন, ঢাকা আইনজীবী সমিতির দীর্ঘদিনের রীতি অনুযায়ী দুটি প্যানেলের সমঝোতায় একজন প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ এবং উভয় পক্ষের সমান প্রতিনিধিত্বে নির্বাচন কমিশন গঠনের কথা থাকলেও এবার তা মানা হয়নি।
ল’ইয়ার্স কাউন্সিলের দাবি, বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে ৯০ জন এবং আইনজীবী ঐক্য পরিষদ সমর্থিত সবুজ প্যানেল থেকে মাত্র ৪১ জন সদস্য নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে শুরু থেকেই নির্বাচনী প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে এবং একপক্ষ সংখ্যাগরিষ্ঠতার সুবিধা পায়।
মতিউর রহমান আকন্দ জানান, নির্বাচন কমিশনের গঠন নিয়ে বার কাউন্সিল ও প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত ও মৌখিকভাবে অভিযোগ জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।
তিনি বলেন, ভোটারদের যথাযথ যাচাই-বাছাই ছাড়াই এবং ভোটার স্লিপ ছাড়া ব্যালট পেপার বিতরণ করা হয়েছে, যা জাল ভোটের সুযোগ তৈরি করেছে। নির্বাচন শেষে ভোট গণনার সময়ও বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ ওঠে।
সব মিলিয়ে ঢাকা আইনজীবী সমিতির এবারের নির্বাচন আইনজীবীদের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে বলে দাবি করেন তিনি।
তবে অনিয়মের অভিযোগের মধ্যেও যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মতিউর রহমান আকন্দ বলেন, আইনজীবীদের ন্যায্য অধিকার আদায়ে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল ও ১১ দলীয় জোট অতীতের মতো ভবিষ্যতেও পাশে থাকবে।
একই সঙ্গে যারা গণতান্ত্রিক ও নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে, তাদের বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বাংলাদেশেরখবর/আরকে

