Logo

আইন ও বিচার

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচন

সব পদে জয় বিএনপিপন্থি নীল প্যানেলের, হোয়াইটওয়াশ সবুজ প্যানেল

Icon

আইন ও আদালত ডেস্ক :

প্রকাশ: ০২ মে ২০২৬, ১৮:২১

সব পদে জয় বিএনপিপন্থি নীল প্যানেলের, হোয়াইটওয়াশ সবুজ প্যানেল

সংগৃহীত

ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ কার্যকরী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি ও গণঅধিকার পরিষদ সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল)। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩টি পদের সবকটিতেই জয় পেয়েছে তারা।

গত শুক্রবার (১ মে) রাতে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার মো. বোরহান উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

ফলাফলে দেখা যায়, সভাপতি পদে ৪ হাজার ৪৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আনোয়ার জাহিদ ভূঁইয়া। তার পাশাপাশি সাধারণ সম্পাদক পদে ৪ হাজার ৪৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন মোহাম্মদ আবুল কালাম খান।

এদিকে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ (সবুজ প্যানেল) কোনো পদেই জয় পায়নি।

নির্বাচিত অন্য নেতারা হলেন- সিনিয়র সহসভাপতি মো. রেজাউল করিম চৌধুরী, সহসভাপতি মো. আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আনিসুজ্জামান (আনিস), সিনিয়র সহসাধারণ সম্পাদক মো. এলতুতমিশ সওদাগর (অ্যানি), সহসাধারণ সম্পাদক মো. মাহাদী হাসান জুয়েল, লাইব্রেরি সম্পাদক খন্দকার মাকসুদুল হাসান (সবুজ), সাংস্কৃতিক সম্পাদক মারজিয়া হীরা, অফিস সম্পাদক মো. আফজাল হোসেন মৃধা, ক্রীড়া সম্পাদক মো. সোহেল খান, সমাজকল্যাণ সম্পাদক এ.এস.এম ফিরোজ এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক শফিকুল ইসলাম (শফিক)।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন- এ.এইচ.এম রেজওয়ানুল সাঈদ (রোমিও), ফারজানা ইয়াসমিন, মো. আদনান রহমান, মো. নিজাম উদ্দিন, মো. নজরুল ইসলাম (মামুন), মো. সানাউল, মামুন মিয়া, মুজাহিদুল ইসলাম (সায়েম), শেখ শওকত হোসেন এবং সৈয়দ সারোয়ার আলম (নিশান)।

এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার দুই দিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ২৩টি পদে ভোট দেন আইনজীবীরা। সমিতির ২০ হাজার ৭৮৫ ভোটারের মধ্যে ৭ হাজার ৬৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে বিএনপি ও গণঅধিকার পরিষদ সমর্থিত নীল প্যানেলের বিপরীতে জামায়াত ও এনসিপি সমর্থিত সবুজ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এছাড়া উভয় প্যানেলের ৪৬ প্রার্থীর বাইরে স্বতন্ত্র আটজন প্রার্থীও মাঠে ছিলেন।

রাজনৈতিক পটপরিবর্তনের পর এবারই প্রথম আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নির্বাচনে অংশ নেয়নি। যদিও আওয়ামী লীগপন্থি কয়েকজন আইনজীবী স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে আগ্রহ দেখিয়েছিলেন, তবে অনুমতি না পাওয়ার অভিযোগ রয়েছে।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন