Logo

আইন ও বিচার

হত্যা মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৩ দিনের রিমান্ডে

Icon

আইন ও আদালত ডেস্ক :

প্রকাশ: ০৪ মে ২০২৬, ১৭:২৯

হত্যা মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৩ দিনের রিমান্ডে

সংগৃহীত

রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে দায়ের হওয়া বিপ্লব শেখ হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

সোমবার (৪ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস তদন্ত কর্মকর্তার আবেদন শুনে এ আদেশ দেন।

তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, মামলার এজাহারভুক্ত আসামি মাসুদ উদ্দিন চৌধুরীর নির্দেশে অন্য আসামিরা আন্দোলন দমনের উদ্দেশ্যে গুলি চালায়। এতে বিপ্লব শেখ নিহত হন। প্রাথমিক তদন্তে তার সম্পৃক্ততার বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলেও উল্লেখ করা হয়।

এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত করতে আসামির পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়।

রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর হারুন অর রশিদ রিমান্ডের পক্ষে শুনানি করেন। তিনি বলেন, মামলার সুষ্ঠু তদন্ত এবং অস্ত্র ও অর্থ জোগানদাতাদের শনাক্ত করতে আসামিকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী উম্মে হাবিবা রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন জানান। তবে উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তথ্যমতে, ২০২৪ সালের ১৯ জুলাই সন্ধ্যায় মিরপুর-১০ এলাকায় আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে বিপ্লব শেখ গুলিবিদ্ধ হন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২০২৫ সালের ১ জুলাই নিহতের বাবা পারভেজ শেখ মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

এর আগে গত ২৩ মার্চ রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকায় নিজ বাসা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পরদিন পল্টন মডেল থানার একটি মামলায় তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেয় আদালত। পরবর্তীতে আরও কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন