Logo

আইন ও বিচার

সরকারি প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের জন্য র‍্যাম্প বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

Icon

আইন ও আদালত ডেস্ক :

প্রকাশ: ০৫ মে ২০২৬, ১৮:২৫

সরকারি প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের জন্য র‍্যাম্প বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

সংগৃহীত

সকল সরকারি প্রতিষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের সহজ চলাচল নিশ্চিত করতে র‍্যাম্প স্থাপনের নির্দেশনা কেন দেওয়া হবে না- এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফাহমিদা আখতার।

রিটকারী পক্ষ জানায়, ভবন নির্মাণ বিধিমালা, ২০০৮-এর বিধি ৬৪ এবং সংশ্লিষ্ট পরিশিষ্ট-২ অনুযায়ী প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রবেশগম্যতা নিশ্চিত করা বাধ্যতামূলক। এছাড়া প্রতিবন্ধী ব্যক্তি অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩-এর ধারা ৩৪-এও এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।

কিন্তু এসব আইনি বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও বাস্তবে অনেক সরকারি প্রতিষ্ঠানে র‍্যাম্প বা প্রবেশগম্যতার ব্যবস্থা নেই। এ প্রেক্ষাপটে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

একইসঙ্গে, ভবনের নকশা অনুমোদনের আগে প্রতিবন্ধীবান্ধব র‍্যাম্প অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক করতে রাজউকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কেন নির্দেশ দেওয়া হবে না- তাও জানতে চাওয়া হয়েছে।

এর আগে গত ২০ এপ্রিল দেশের সব সরকারি ও বেসরকারি স্থাপনায় প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে র‍্যাম্প স্থাপন বাধ্যতামূলক করতে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করা হয়।

রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, গৃহায়ণ ও গণপূর্ত সচিব, স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন