ফেসবুকে বিচারপতিদের ভাবমূর্তি ক্ষুণ্ন: সহকারী রেজিস্ট্রার বরখাস্ত
আইন ও আদালত ডেস্ক :
প্রকাশ: ০৬ মে ২০২৬, ১৯:২২
সংগৃহীত
ফেসবুকে প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের সম্পর্কে অগ্রহণযোগ্য ভাষা ব্যবহার করে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার ইব্রাহীম আলম ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বুধবার (৬ মে) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ইব্রাহীম আলম ভূঁইয়া তার ফেসবুক পোস্টে সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের সম্পর্কে আপত্তিকর ভাষা ব্যবহার করেছেন, যা তাদের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
এছাড়া, ব্যক্তিস্বার্থে সুপ্রিম কোর্টের কর্মচারীদের ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বিচারপতিদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, তিনি সুপ্রিম কোর্ট প্রশাসনের বৈধ আদেশ অমান্য করতে অন্যান্য কর্মচারীদের প্ররোচিত করেছেন এবং অফিসে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন- যা গুরুতর অসদাচরণ ও শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচিত।
উল্লেখ্য, প্রযোজ্য বিধিমালার ৪(১) ধারা অনুযায়ী এ ধরনের অপরাধ দণ্ডনীয় এবং সর্বোচ্চ শাস্তি হিসেবে চাকরি থেকে বরখাস্ত করা যেতে পারে। সেই বিধান অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বাংলাদেশেরখবর/আরকে

