Logo

আইন ও বিচার

শহীদদের সঙ্গে বেইমানি নয়, প্রকৃত খুনিদেরই বিচার হবে: চিফ প্রসিকিউটর

Icon

আইন ও আদালত ডেস্ক :

প্রকাশ: ০৯ মে ২০২৬, ২০:০৪

শহীদদের সঙ্গে বেইমানি নয়, প্রকৃত খুনিদেরই বিচার হবে: চিফ প্রসিকিউটর

সংগৃহীত

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে রাজধানীর উত্তরা এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত দায়ীদের বিচারে কোনো আপস করা হবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, “আমরা কোনো পুলিশ বা আমলার বিচার করছি না। আমরা অপরাধের বিচার করছি, খুনির বিচার করছি।”

শনিবার (৯ মে) উত্তরা শহীদ মীর মুগ্ধ মঞ্চে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আয়োজিত গণশুনানিতে তিনি এসব কথা বলেন। এ সময় ট্রাইব্যুনালের প্রসিকিউটর তারেক আবদুল্লাহ, মার্জিনা রহমানসহ তদন্তসংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চিফ প্রসিকিউটর বলেন, শহীদ পরিবারের প্রতি দায়বদ্ধতা এবং বিবেকের তাড়না থেকেই তারা গণশুনানিতে অংশ নিয়েছেন। ভুক্তভোগীদের বক্তব্য শুনে তদন্তে কোনো গাফিলতি রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। ইতোমধ্যে কয়েকজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা হয়েছে এবং যাচাই-বাছাই শেষে তা আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

তিনি জানান, উত্তরা এলাকায় শহীদের প্রকৃত সংখ্যা ৭৭, ৮৭ বা তারও বেশি হতে পারে। তবে সংখ্যার চেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা।

আমিনুল ইসলাম বলেন, “আমরা কোনো দলীয় বা বিশেষ উদ্দেশ্য নিয়ে তদন্ত করছি না। শুধু প্রকৃত অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছি। কোনো নিরপরাধ ব্যক্তিকে আসামি করতে চাই না, আবার কোনো অপরাধীকেও ছাড় দিতে চাই না।”

গণশুনানিতে শহীদ পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, অনেক অভিযুক্ত ব্যক্তি প্রকাশ্যে চলাফেরা করলেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। এ বিষয়ে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে কঠোর বার্তা দেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, “অপরাধী যত শক্তিশালীই হোক, তাকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। অপরাধীদের সঙ্গে কোনো আপস নয়।”

তিনি আরও বলেন, “শহীদদের সঙ্গে কখনো বেইমানি করা হবে না। প্রকৃত আসামিদেরই বিচারের মুখোমুখি করা হবে।” একই সঙ্গে তিনি উল্লেখ করেন, এই তদন্তে পুলিশই কাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ট্রাইব্যুনালের কোনো বৈরিতা নেই।

সকাল ১০টা থেকে শুরু হওয়া গণশুনানিতে তদন্তের অগ্রগতি, ভুক্তভোগীদের সমস্যা এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরে উত্তরা এলাকার বিভিন্ন ‘জুলাই-আগস্ট হটস্পট’ পরিদর্শন করেন চিফ প্রসিকিউটর ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন