Logo

আইন ও বিচার

ঈদযাত্রায় নারীদের জন্য ট্রেনে পৃথক কামরার নির্দেশ হাইকোর্টের

Icon

আইন ও আদালত ডেস্ক :

প্রকাশ: ১২ মে ২০২৬, ১৮:০৭

ঈদযাত্রায় নারীদের জন্য ট্রেনে পৃথক কামরার নির্দেশ হাইকোর্টের

সংগৃহীত

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যাত্রীবাহী প্রতিটি ট্রেনে নারী যাত্রীদের জন্য পৃথক কামরা বরাদ্দ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১২ মে) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আজমল হোসেন খোকন। তিনি জানান, ১৮৯০ সালের রেলওয়ে আইনের ৬৪ ধারায় নারী যাত্রীদের জন্য পৃথক কামরার বিধান রয়েছে। এছাড়া ৫০ মাইলের বেশি দূরত্বে চলাচলকারী ট্রেনে ওই কামরার সঙ্গে শৌচাগার সংযুক্ত রাখার কথাও উল্লেখ আছে।

আইনের ১১৯ ধারায় বলা হয়েছে, নারীদের জন্য নির্ধারিত কামরায় অনুমতি ছাড়া প্রবেশ করলে জরিমানার বিধান রয়েছে। তবে দীর্ঘদিন ধরে এসব বিধান কার্যকর না হওয়ায় ২০২১ সালে আইনজীবী মমতাজ পারভীন হাইকোর্টে রিট দায়ের করেন।

পরে এ বিষয়ে হাইকোর্ট রুল জারি করে জানতে চান, কেন আইন অনুযায়ী প্রতিটি যাত্রীবাহী ট্রেনে নারীদের জন্য পৃথক কামরা বরাদ্দের নির্দেশ দেওয়া হবে না। বর্তমানে সেই রুল বিচারাধীন রয়েছে।

আইনজীবী আজমল হোসেন খোকন আরও জানান, ঈদযাত্রায় নারী যাত্রীদের ভোগান্তি কমাতে সম্পূরক আবেদন করা হলে আদালত এই অন্তর্বর্তী আদেশ দেন। ফলে আসন্ন ঈদুল আজহায় ট্রেনে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন