সাবেক শিল্পমন্ত্রীর স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
আইন ও আদালত ডেস্ক :
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১৭:৪৭
সংগৃহীত
ঢাকার একটি আদালত সাবেক শিল্পমন্ত্রী ও নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন–এর স্ত্রী নাদিরা মাহমুদ–এর আয়কর সংক্রান্ত নথিপত্র জব্দের নির্দেশ দিয়েছেন।
সোমবার (১৮ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।
দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর আদালতে এ আবেদন করেন। আবেদনে বলা হয়, নাদিরা মাহমুদের বিরুদ্ধে অসদুপায়ে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অনুসন্ধানে তার নামে এক কোটি ৩৪ লাখ ১৬ হাজার ২৫০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।
দুদকের আবেদনে আরও বলা হয়, অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে নাদিরা মাহমুদের নামে দাখিল করা আয়কর নথির শুরু থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত সব মূল নথি ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা প্রয়োজন।
আদালত দুদকের আবেদন আমলে নিয়ে প্রয়োজনীয় নথিপত্র জব্দের নির্দেশ দেন।
বাংলাদেশেরখবর/আরকে

