সাবেক ডিবিপ্রধান হারুনের ভাইয়ের আয়কর নথি জব্দের নির্দেশ
আইন ও আদালত ডেস্ক :
প্রকাশ: ১৯ মে ২০২৬, ১৮:১৩
সংগৃহীত
ঢাকায় সাবেক ডিবি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মোহাম্মদ হারুন অর রশীদের ভাই এ বি এম শাহারিয়ারের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৯ মে) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের উপ-পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন আয়কর নথি জব্দের আবেদন করেন।
আবেদনে বলা হয়, প্রেসিডেন্ট রিসোর্ট অ্যান্ড এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম শাহারিয়ার প্রায় ১২ কোটি ৯৬ লাখ ৮৭ হাজার ৬০৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন। এতে অভিযোগ করা হয়, সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ পুলিশে গুরুত্বপূর্ণ পদে থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তাকে সহায়তা করেছেন।
তদন্তের স্বার্থে শাহারিয়ারের সব আয়কর রিটার্নসহ সংশ্লিষ্ট নথি জব্দ ও পর্যালোচনার প্রয়োজনীয়তা উল্লেখ করে আদালতে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৭ ডিসেম্বর দুদক এ মামলাটি দায়ের করে। মামলার অভিযোগ অনুযায়ী, সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদের বিরুদ্ধে প্রায় ১৭ কোটি ৫১ লাখ টাকার অবৈধ সম্পদ, তার স্ত্রী শিরিন আক্তারের বিরুদ্ধে ১০ কোটি ৭৬ লাখ টাকা এবং ভাই এ বি এম শাহারিয়ারের বিরুদ্ধে প্রায় ১২ কোটি ৯৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
বাংলাদেশেরখবর/আরকে

