আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
আইন ও আদালত ডেস্ক :
প্রকাশ: ২৩ মে ২০২৬, ১৮:০০
সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া বৈষম্যবিরোধী আন্দোলন–সংশ্লিষ্ট এক হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
শনিবার (২৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহীম খলিল–এর আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন।
এর আগে গত ১৬ মে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করা হয়।
উল্লেখ্য, গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে এ বি এম খায়রুল হক–কে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন।
এদিকে সম্প্রতি বাংলাদেশ হাইকোর্ট সাবেক এই প্রধান বিচারপতিকে সুনির্দিষ্ট মামলা ছাড়া নতুন করে গ্রেপ্তার না দেখাতে এবং হয়রানি না করার নির্দেশনা দেন। গত ১৭ মে বিচারপতি রাজিক-আল-জলিল ও দেবাশীষ রায় চৌধুরী–এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশসহ রুল জারি করেন।
এর আগে জুলাই গণঅভ্যুত্থান–সংশ্লিষ্ট দুটি হত্যা মামলায় গত ১২ মে হাইকোর্ট থেকে জামিন পান খায়রুল হক। তার আইনজীবীরা তখন জানিয়েছিলেন, সব মামলায় জামিন হওয়ায় তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই। তবে রাষ্ট্রপক্ষ ওই জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে।
এরও আগে যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকার–সংক্রান্ত রায় জালিয়াতি এবং দুর্নীতি দমন কমিশন–এর দায়ের করা পাঁচ মামলায় গত ২৮ এপ্রিল আপিল বিভাগ তার জামিন বহাল রাখেন। এসবসহ মোট সাতটি মামলায় তিনি জামিনে ছিলেন। এর মধ্যেই নতুন করে আরেকটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ী ওভারব্রিজের নিচে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে খোবাইব নামে এক তরুণ নিহত হন। এ ঘটনায় নিহতের ভাই জোবায়ের আহম্মেদ বাদী হয়ে ২০২৪ সালের ১৬ নভেম্বর মামলা দায়ের করেন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, ওবায়দুল কাদের–সহ মোট ৮০ জনকে আসামি করা হয়েছে।
বাংলাদেশেরখবর/আরকে

