সাংবাদিক দম্পতি রুপা-শাকিলের জামিন স্থগিত, দ্রুত রুল নিষ্পত্তির নির্দেশ
আইন ও আদালত ডেস্ক :
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১৭:১৭
সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা একাধিক মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপার পক্ষে হাইকোর্টের দেওয়া জামিনাদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একইসঙ্গে তাদের জামিনসংক্রান্ত রুল দ্রুত নিষ্পত্তির জন্য হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৭ জুন) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।
আদালতে সাংবাদিক দম্পতির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।
এর আগে গত ১১ মে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা একাধিক মামলায় শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে জামিন দেন হাইকোর্ট। ফারজানা রুপাকে ছয়টি এবং শাকিল আহমেদকে পাঁচটি মামলায় জামিন দেওয়া হয়। তবে তাদের বিরুদ্ধে একটি করে মামলায় জামিন না দিয়ে রুল জারি করেন আদালত।
বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন। সে সময় আসামিপক্ষে ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া এবং রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক শুনানিতে অংশ নেন।
এর আগে একাধিক হত্যা মামলাসহ সাতটি মামলায় সাংবাদিক দম্পতির জামিন আবেদনের ওপর শুনানি শেষে আদেশের জন্য দিন ধার্য করেছিলেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পর আদালত পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট একাধিক হত্যা মামলাসহ সাতটি মামলায় শাকিল আহমেদ ও ফারজানা রুপার জামিন আবেদনের শুনানি শেষ হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২১ আগস্ট রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাংবাদিক দম্পতিকে আটক করা হয়। পরদিন উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে ২৬ আগস্ট আদাবর থানার গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয় তাদের।
পরবর্তীতে ৩১ আগস্ট রুবেল হত্যা মামলায় আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাংলাদেশেরখবর/আরকে

