Logo

আইন ও বিচার

কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফসহ চারজনের মানবতাবিরোধী অপরাধ মামলার রায় যেকোনো দিন

Icon

আইন ও আদালত ডেস্ক :

প্রকাশ: ১০ জুন ২০২৬, ১৬:৪৪

কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফসহ চারজনের মানবতাবিরোধী অপরাধ মামলার রায় যেকোনো দিন

সংগৃহীত

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে বিচারিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ পর্ব শেষ হয়েছে। মামলায় উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ যেকোনো দিন রায় ঘোষণা করবেন।

বুধবার (১০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে প্রসিকিউশন ও আসামিপক্ষ তাদের চূড়ান্ত যুক্তি উপস্থাপন শেষ করে।

আসামিপক্ষে সরকারি খরচে নিয়োগপ্রাপ্ত আইনজীবী আমির হোসেন যুক্তিতর্ক উপস্থাপন করেন। পরে তার বক্তব্যের জবাব দেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এ সময় প্রসিকিউটর ফারুক আহাম্মদ, আবদুস সাত্তার পালোয়ানসহ সংশ্লিষ্ট আইনজীবীরা উপস্থিত ছিলেন।

মাহবুবউল আলম হানিফ ছাড়াও মামলার অন্য তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। ট্রাইব্যুনালে উপস্থাপিত তথ্য অনুযায়ী, চারজনই বর্তমানে পলাতক রয়েছেন।

এর আগে গত ৭ জুন প্রসিকিউশন পক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে তাদের যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন করে। মামলার যুক্তিতর্ক পর্ব শুরু হয়েছিল ১১ মে। গত ২৩ এপ্রিল তদন্ত কর্মকর্তার জেরা শেষ হওয়ার মধ্য দিয়ে ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।

উল্লেখ্য, গত বছরের ২ নভেম্বর চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু করার আদেশ দেন ট্রাইব্যুনাল-২। এর আগে ৫ অক্টোবর প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) দাখিল করে এবং পরদিন ট্রাইব্যুনাল তা আমলে নেয়।

মামলায় আসামিদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য প্রদান, ষড়যন্ত্রে অংশগ্রহণ এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। এখন মামলার চূড়ান্ত রায়ের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন