তাবলিগ জামাতের আমির হত্যা মামলায় আপিলে স্ত্রী মাশকুরা খালাস
আইন ও আদালত ডেস্ক :
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১৭:৩৪
সংগৃহীত
সিলেটের তাবলিগ জামাতের ধোপাদিঘির উত্তরপাড় আঞ্চলিক শাখার আমির ইব্রাহিম আবু খলিল হত্যা মামলায় তার স্ত্রী ফাতিহা মাশকুরাকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।
বুধবার (১৭ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ মাশকুরার করা আপিল মঞ্জুর করে এ রায় ঘোষণা করেন।
আদালতে আপিলকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান।
মামলার নথি অনুযায়ী, ২০১৫ সালের ১৮ মে সিলেট নগরের ধোপাদিঘির উত্তরপাড় এলাকায় নিজ বাসার শয়নকক্ষ থেকে তাবলিগ জামাতের আঞ্চলিক আমির ইব্রাহিম আবু খলিলের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী ফাতিহা মাশকুরাকে আটক করা হয়। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
তদন্ত শেষে একই বছরের ২৪ আগস্ট ফাতিহা মাশকুরার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। বিচার শেষে ২০১৬ সালের ৬ জুন সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা একমাত্র আসামি ফাতিহা মাশকুরাকে মৃত্যুদণ্ডাদেশ দেন।
পরবর্তীতে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামি জেল আপিল ও ফৌজদারি আপিল দায়ের করেন। ২০২২ সালের ৩১ জানুয়ারি হাইকোর্ট ডেথ রেফারেন্স গ্রহণ করে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন এবং আসামির আপিল খারিজ করেন।
হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন ফাতিহা মাশকুরা। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আপিল বিভাগ তার আপিল মঞ্জুর করে মৃত্যুদণ্ডাদেশ বাতিল এবং তাকে খালাস দেন।
বাংলাদেশেরখবর/আরকে

