Logo

আইন ও বিচার

সরাসরি সম্প্রচার করবে বিটিভি

হাবিবুরসহ পাঁচ পুলিশের মানবতাবিরোধী মামলার রায় রোববার

Icon

আইন ও আদালত ডেস্ক :

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১৭:৫৯

হাবিবুরসহ পাঁচ পুলিশের মানবতাবিরোধী মামলার রায় রোববার

সংগৃহীত

ঢাকার জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করে হত্যা এবং আরও একজনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আগামীকাল রোববার (২৮ জুন)।

শনিবার (২৭ জুন) দুপুরে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পঞ্চম রায় হিসেবে ট্রাইব্যুনাল-১ এ মামলার রায় ঘোষণা করবেন। রায়ের সম্পূর্ণ কার্যক্রম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করবে।

মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট ১৩ জন সাক্ষ্য দিয়েছেন। এর আগে গত ১৫ জুন প্রসিকিউশন ও আসামিপক্ষের দ্বিতীয় দফার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। সেদিন রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকারের পক্ষে আইনজীবী সারওয়ার জাহান নিপ্পন যুক্তি উপস্থাপন করে দাবি করেন, এ ঘটনার সঙ্গে তার মক্কেলের কোনো সম্পৃক্ততা নেই। অন্যদিকে, চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম পাঁচ আসামির সর্বোচ্চ শাস্তির আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল ২৮ জুন রায় ঘোষণার দিন নির্ধারণ করেন।

গত ১০ জুন পুনরায় সাফাই সাক্ষ্য দেন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। জবানবন্দিতে তিনি এক প্রসিকিউটরের বিরুদ্ধে অভিযোগও উত্থাপন করেন। এর আগে চলতি বছরের ১৩ জানুয়ারি তিনি প্রথম দফায় সাক্ষ্য দিয়েছিলেন।

বর্তমানে এ মামলায় চঞ্চল চন্দ্র সরকার ছাড়া বাকি চার আসামি পলাতক রয়েছেন। তারা হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান এবং একই থানার সাবেক উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম ভূঁইয়া।

উল্লেখ্য, গত ৪ মার্চ মামলাটির রায় ঘোষণার জন্য দিন ধার্য থাকলেও নতুন ডিজিটাল আলামত (ডিজিটাল অ্যাভিডেন্স) উপস্থাপনের আবেদন করে প্রসিকিউশন। পরে প্রথম সাক্ষী আমির হোসেনকে পুনরায় সাক্ষ্য দিতে হয়।

এর আগে, গত বছরের ১৮ সেপ্টেম্বর পাঁচ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই বছরের ৭ আগস্ট প্রসিকিউশন মামলার ফরমাল চার্জ দাখিল করে।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন