Logo

আইন ও বিচার

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও হামিদের নামে ট্রাইব্যুনালে অভিযোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১৭:১৪

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও হামিদের নামে ট্রাইব্যুনালে অভিযোগ

আওয়ামী লীগ আমলের গুম, বিচারবহির্ভূত হত্যা, ‘আয়নাঘর’ এবং জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞের ঘটনায় নীরবতা পালন ও ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়’ (সুপিরিয়র রেসপন্সিবিলিটি) থেকে সাবেক দুই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও মো. সাহাবুদ্দিনের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন জমা পড়েছে।

রোববার (২৬ জুলাই) দুপুরে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে ‘বাংলাদেশ আজাদ পার্টি’ ও ‘রাষ্ট্রসংলাপ ফোরাম (এসডিএফ)’ নামের দুটি সংগঠন পৃথকভাবে এই আবেদনগুলো জমা দেয়।

বাংলাদেশ আজাদ পার্টির পক্ষ থেকে দুই সাবেক রাষ্ট্রপতিরই বিচার চাওয়া হয়েছে। 

অন্যদিকে রাষ্ট্রসংলাপ ফোরামের পক্ষ থেকে কেবল সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভূমিকা তদন্তের আবেদন জানানো হয়েছে।

ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের শেষে বাংলাদেশ আজাদ পার্টির পক্ষে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান সাংবাদিকদের বলেন, হামিদ সাহেব, আরেকজন হচ্ছে চুপ্পু (সাহাবুদ্দিন) সাহেব- উনারা রাষ্ট্রের দায়িত্বে থাকা অবস্থায় দেশের মধ্যে যে মানবতাবিরোধী অপরাধ হয়, তার কোনো ভূমিকা রাখেননি। জনগণের কষ্টের টাকা, ট্যাক্সের টাকায় তাদের বেতন হতো, তা তারা উপভোগ করতেন। কিন্তু তারা কোনো দায়িত্ব পালন করেননি।

রাষ্ট্রপ্রধান হিসেবে তাদের ক্ষমতার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, উনি রাষ্ট্রের সর্বাধিনায়ক, অর্থাৎ তিন বাহিনী প্রধান। উনি যুদ্ধ ঘোষণা করতে পারেন। এই ঘোষণা করার ক্ষমতা সবকিছু তার, কিন্তু উনি কোনো ভূমিকা রাখেননি। ৫ অগাস্ট পর্যন্ত এই আয়নাঘর, গুম, খুন, এত লোক মারা গেছে— কোনোদিন প্রতিবাদ করেননি। উনার মৌন সম্মতি ছিল এই অপরাধে। তাই এই অভিযোগ।


বাংলাদেশের খবর/এইচআর 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন