Logo

আইন ও বিচার

পরিবার ও আইনজীবীদের সঙ্গে বিশেষ সাক্ষাতের অনুমতি চাইলেন পলক

Icon

আইন ও আদালত ডেস্ক :

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১৭:৩১

পরিবার ও আইনজীবীদের সঙ্গে বিশেষ সাক্ষাতের অনুমতি চাইলেন পলক

সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আদালতে নিজেকে অসুস্থ দাবি করে পরিবারের সদস্যদের এবং কারাগারে আইনজীবীদের সঙ্গে নিয়মিত বিশেষ সাক্ষাতের অনুমতি চেয়েছেন।

রোববার (২৬ জুলাই) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মোহাম্মদপুর থানার ট্রাক চালক হোসেন হত্যা মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানিতে আদালতের অনুমতি নিয়ে তিনি এ অনুমতি চান।

তিনি বলেন, আমি শারীরিকভাবে অসুস্থ। আমার ঘাড়ে গুরুতর আঘাত রয়েছে এবং এমআরআই রিপোর্টে দুটি হাড় স্থানচ্যুত (ডিসপ্লেসড) হওয়ার বিষয়টি উঠে এসেছে। এ কারণে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি মাথায় হেলমেট পরতে পারছেন না বলেও আদালতকে জানান।

পলক বলেন, তার বিরুদ্ধে বর্তমানে ৯৮টি মামলা রয়েছে। এর মধ্যে তিনি ৯৯ দিন রিমান্ডে ছিলেন। তিনটি মামলার বিচার চলছে এবং আরও কয়েকটি মামলায় সাক্ষ্যগ্রহণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ পরিস্থিতিতে পলক আদালতের কাছে পরিবারের সদস্যদের সঙ্গে অন্তত আধা ঘণ্টা সাক্ষাতের সুযোগ দেওয়ার আবেদন জানান। পাশাপাশি কারাগারে প্রতি দুই সপ্তাহে দুই দিন, প্রতিদিন তিন ঘণ্টা করে মামলা-সংক্রান্ত বিষয়ে আইনজীবীদের সঙ্গে বিশেষ সাক্ষাতের অনুমতি দেওয়ারও আবেদন করেন। তবে এই বিষয় আদালত তাৎক্ষণিক কোনো আদেশ দেননি। 

এ বিষয়ে পলকের পক্ষের আইনজীবী তরিকুল ইসলাম জানান, কারাবিধি অনুযায়ী আসামি ১৫ দিন পরপর পরিবারের সদস্যের সঙ্গে আধা ঘণ্টা করে সাক্ষাতের অনুমতি পায়। এ কারণে মামলা সংক্রান্ত আলোচনা করার জন্য পর্যাপ্ত সময় চেয়ে দুই সপ্তাহে দুই দিন, প্রতিদিন তিন ঘণ্টা করে মামলা-সংক্রান্ত বিষয়ে আইনজীবীদের সঙ্গে বিশেষ সাক্ষাতের অনুমতির প্রার্থনা করেছেন। তবে আদালত এই বিষয়ে কোনো আদেশ দেননি। 

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন মো. হোসেন। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন। সেদিন তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফিরছিলেন। চাঁদ উদ্যান এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।

এ ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট নিহত ব্যক্তির মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন