Logo

আইন ও বিচার

সর্বশেষ মামলায় জামিন, মুক্তিতে বাধা নেই বিচারপতি খায়রুল হকের

Icon

আইন ও আদালত ডেস্ক :

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১৯:৫৯

সর্বশেষ মামলায় জামিন, মুক্তিতে বাধা নেই বিচারপতি খায়রুল হকের

হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। এ মামলায় জামিন পাওয়ার পর তার বিরুদ্ধে থাকা সব মামলাতেই জামিন হয়েছে দাবি করে আইনজীবীরা জানিয়েছেন, নতুন করে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো না হলে তার কারামুক্তিতে আর বাধা নেই।

একই সঙ্গে এ মামলায় কেন খায়রুল হককে নিয়মিত জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

সোমবার (১০ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. মনসুরুল হক চৌধুরী, মোতাহার হোসেন সাজু ও আইনজীবী মোনায়েম নবী শাহীন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।

আদালতের আদেশের পর আইনজীবী মোনায়েম নবী শাহীন সাংবাদিকদের বলেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ মামলায় খায়রুল হককে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে থাকা মোট ৯টি মামলার সব কটিতেই তিনি এখন জামিনে রয়েছেন। এজাহারভুক্ত আসামি হিসেবে আর কোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো না হলে তার কারামুক্তিতে বাধা নেই।

এর আগে গত ১৭ মে সুনির্দিষ্ট মামলা ছাড়া এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার না দেখাতে এবং হয়রানি না করতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

ওই আদেশের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত রোববার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ আবেদনটি নিষ্পত্তি করে আদেশ দেন। এর ফলে হাইকোর্টের আগের আদেশ বহাল রয়েছে বলে জানিয়েছেন খায়রুল হকের আইনজীবীরা।

যে মামলায় জামিন

বনানী থানায় দায়ের করা হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর মহাখালীর সেতু ভবনের সামনে আন্দোলনকারীরা অবস্থান করছিলেন। সেখান থেকে শাহবাগের দিকে যাওয়ার পথে তাদের ওপর হামলা ও গুলিবর্ষণের পাশাপাশি ককটেল ও হাতবোমা নিক্ষেপ করা হয়।

এ ঘটনায় উজ্জ্বল মিয়াসহ ২৫ থেকে ৩০ জন আহত হন। পরে উজ্জ্বল মিয়া বনানী থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক ওই মামলার এজাহারভুক্ত আসামি।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন