Logo

আইন ও বিচার

পাঁচ মামলায় দীপু মনিকে কেন জামিন নয়, হাইকোর্টের রুল

Icon

আইন ও আদালত ডেস্ক :

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪৫

পাঁচ মামলায় দীপু মনিকে কেন জামিন নয়, হাইকোর্টের রুল

সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিকে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে করা পাঁচটি মামলায় কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (১৭ আগস্ট) বিচারপতি মো. খায়েরুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে দীপু মনির পক্ষে আবেদনের শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী রমজান আলী শিকদার ও আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদুল আলম দোহা।

আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, পাঁচটি মামলা হয়েছে আদাবর, বাড্ডা, গাজীপুরের গাছা ও শাহবাগ থানায়। এর মধ্যে শাহবাগ থানায় করা হয়েছে দুটি মামলা। একই সঙ্গে দীপু মনির বিরুদ্ধে করা আরও ১৬টি মামলায় জারি করা রুল শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।

জ্যেষ্ঠ আইনজীবী রমজান আলী শিকদার জানান, এখন পর্যন্ত দীপু মনির বিরুদ্ধে ৩৮টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে দুটি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছে।

দীপু মনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরের শাসনামলে তিনি পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এরপর তার বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি এবং সহিংসতায় উসকানি বা নির্দেশ দেওয়ার অভিযোগে ৩৮টিরও বেশি মামলা করা হয়েছে।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন