Logo

আইন ও বিচার

ইলিয়াস আলী গুম

জামিন নামঞ্জুর, কারাগারে উইং কমান্ডার সাইফ

Icon

আইন ও আদালত ডেস্ক :

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ২০:১৭

জামিন নামঞ্জুর, কারাগারে উইং কমান্ডার সাইফ

বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন সাইফুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। অন্যদিকে তার আইনজীবী তাবারক হোসেন জামিনের আবেদন করেন।

শুনানিতে আইনজীবী বলেন, সাইফুর রহমান ২০০৩ সালে বিমান বাহিনীতে কমিশনপ্রাপ্ত হন এবং একজন চৌকস কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তিনি নিজেই ট্রাইব্যুনালে হাজির হয়েছেন। তদন্তের প্রয়োজনে তাকে সহযোগিতার নিশ্চয়তা দিয়ে বিমান বাহিনীর হেফাজতে রেখে জামিন দেওয়ারও আবেদন করেন তিনি।

তবে চিফ প্রসিকিউটর বলেন, সাইফের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ রয়েছে। ইলিয়াস আলীকে গুমের পাশাপাশি বিভিন্ন হত্যাকাণ্ডের সঙ্গেও তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ কারণে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করা হয়।

উভয় পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল সাইফুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ৯ আগস্ট সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল-১। রোববার সকাল ৯টার আগে বিমান বাহিনীর একটি মাইক্রোবাসে করে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে তাকে হাজতখানায় রাখা হয়।

উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী থেকে নিখোঁজ হন বিএনপি নেতা ইলিয়াস আলী। তিনি সিলেট বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং সিলেট-২ আসন থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন