প্রধানমন্ত্রীর এপিএসের নামে ফেক আইডি, আসামি রিমান্ডে
আইন ও আদালত ডেস্ক :
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১৯:৪৯
প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জোবাইদা রহমান ও সহকারী একান্ত সচিব-২ (এপিএস-২) প্রকৌশলী আবদুর রহমান সানির নাম-ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেক আইডি খুলে ব্ল্যাকমেইলিং ও প্রতারণার অভিযোগে করা মামলায় কাকন রানা (৩৫) নামে এক আসামির ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৪ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মোক্তার হোসেন।
এদিন আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির সিটিটিসি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপ-পরিদর্শক মো. বিপুল হোসেন সাত দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, গ্রেপ্তার কাকন রানা প্রাথমিকভাবে ভুয়া আইডি খোলার কথা স্বীকার করেছেন। তার ব্যবহৃত মোবাইল ফোনে প্রধানমন্ত্রীর এপিএস-২ ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে তৈরি একাধিক ফেক ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট লগইন অবস্থায় পাওয়া গেছে।
অপরাধের প্রকৃত উদ্দেশ্য উদঘাটন, এর সঙ্গে জড়িত সহযোগী বা অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তার এবং ব্যবহৃত অন্যান্য ডিজিটাল ডিভাইস ও সিম কার্ড উদ্ধারের জন্য আসামিকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়। শুনানি শেষে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়, একটি অজ্ঞাতনামা চক্র প্রধানমন্ত্রীর এপিএস-২ প্রকৌশলী আবদুর রহমান সানির নাম ও ছবি ব্যবহার করে ফেক ফেসবুক প্রোফাইল তৈরি করে। এসব আইডি থেকে বিভিন্ন ব্যক্তিকে মেসেজ পাঠিয়ে সহযোগিতার আশ্বাস দেওয়া হতো। পাশাপাশি সম্মানহানি, ব্ল্যাকমেইলিং ও প্রতারণার অভিযোগও রয়েছে।
এ ঘটনায় আবদুর রহমান সানির পক্ষে মো. মইনুল ইসলাম রনি গত ২৩ আগস্ট বনানী থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন। মামলা দায়েরের পর কাকন রানাকে গ্রেপ্তার করে পুলিশ।
বাংলাদেশেরখবর/আরকে

