Logo

আইন ও বিচার

অটোরিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু : ৩ আসামির ৫ দিনের রিমান্ড

Icon

আইন ও আদালত ডেস্ক :

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১৮:৪৬

অটোরিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু : ৩ আসামির ৫ দিনের রিমান্ড

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেওয়ায় অটোরিকশা থেকে পড়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিলা পারভীনের (৫৬) মৃত্যুর ঘটনায় করা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার তিন আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিরা হলেন- মো. পনি ওরফে প্যারা পনি ওরফে পনি গাজী (২৮), সেন্টু জুলিয়ান (২৪) এবং মো. রাকিব হোসেন (২৪)।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিক আজাদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। 

মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদুল হাসান রিয়াল আসামিদের আদালতে হাজির করে প্রকৃত রহস্য উদ্ঘাটন, অজ্ঞাত আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ ও মূল হোতাদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে আসামি পনিরের পক্ষে আইনজীবী আমির উদ্দিন আমিরসহ অন্যান্যরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের পক্ষে যৌক্তিকতা তুলে ধরা হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, নিহত রনজিলা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। গত ২৯ আগস্ট চোখের ডাক্তার দেখানোর উদ্দেশ্যে স্বামী মো. আবদুল মতিনের সঙ্গে ভোর আনুমানিক ৫টা ৫৫ মিনিটের দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের জাতীয় সংসদ ভবনের ১২ নম্বর গেট সংলগ্ন পাকা রাস্তায় অটোরিকশাযোগে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার হাতের ব্যাগ ধরে সজোরে টান দেয়।

ছিনতাইকারীর টানে তিনি চলন্ত রিকশা থেকে পাকা রাস্তায় ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। পরে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর গতকাল রোববার র‍্যাব-২ অভিযান চালিয়ে তাদেরকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে ছিনতাই করা স্মার্টফোন, নগদ টাকা ও অপরাধে ব্যবহৃত ইয়ামাহা আর১৫ মোটরসাইকেল জব্দ করা হয়।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন