Logo

আইন ও বিচার

প্রক্সি পরীক্ষার্থী দিয়ে চাকরি লাভের চেষ্টা, আটক ১

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৩

প্রক্সি পরীক্ষার্থী দিয়ে চাকরি লাভের চেষ্টা, আটক ১

ছবি: সংগৃহীত

প্রক্সি পরীক্ষার্থী ব্যবহার করে চাকরি লাভের অপচেষ্টার অভিযোগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে আটক হয়েছেন একজন। পরে তাকে রাজধানীর শেরে-বাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস. এম. মতিউর রহমান জানিয়েছেন এ তথ্য।

এ কর্মকর্তা জানান, পিএসসি সচিবালয়ের অধীনে অফিস সহায়ক পদে নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী ব্যবহার করে প্রতারণার মাধ্যমে চাকরি লাভের অপচেষ্টার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। আটককৃতের নাম মো. রিপন। তিনি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বাহা গ্রামের নূরুল ইসলামের ছেলে বলে জানিয়েছেন। পরে তাকে শেরে-বাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে।

এস.এম. মতিউর রহমান বলেন, আটক রিপন অফিস সহায়ক পদের প্রার্থী (রোল নম্বর- ২১০১১৮৭)। নিয়োগ প্রক্রিয়ার ধারাবাহিকতায় মঙ্গলবার চাকরিতে যোগদানের উদ্দেশ্যে পিএসসি সচিবালয়ে উপস্থিত হয়। তখন সংশ্লিষ্ট কর্মকর্তারা তার পরিচয় যাচাই করার সময় প্রবেশপত্রের সঙ্গে ছবি, মৌখিক পরীক্ষার দিন সিসিটিভির রেকর্ডের সঙ্গে বর্তমান উপস্থিত ব্যক্তির চেহারা মিলিয়ে দেখে।

তিনি আরও বলেন, এ সময় তার পরিচয় নিয়ে গুরুতর সন্দেহের সৃষ্টি হয়। পরে তাৎক্ষণিক বিষয়টি উপপরিচালক শোভন সমাদ্দারকে জানানো হলে তিনি বিষয়টি উপসচিব ওয়াসিমুল বারীকে জানান। তারপর সবাই মিলে যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ করলে অপরাধের বিষয়টি শনাক্ত হয়। একপর্যায়ে রিপন নিজেই স্বীকার করেন, তিনি উক্ত পদের নিয়োগ পরীক্ষায় এবং মৌখিক পরীক্ষা কোনোটিতেই নিজে অংশগ্রহণ করেননি।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন