Logo

আইন ও বিচার

মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট

Icon

আইন ও আদালত ডেস্ক :

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৩

মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট

মহাসড়কে স্লিপার বাস চলাচলের অনুমতি চেয়ে বাস মালিক সমিতির করা আবেদনে সাড়া দেননি হাইকোর্ট। আদালত বলেছেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমোদনপ্রাপ্ত বাসই কেবল সড়কে চলাচল করতে পারবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে বিআরটিএর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. রাফিউল ইসলাম। শুনানি শেষে তিনি সাংবাদিকদের বলেন, স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশন মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছিল। তবে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধান তুলে ধরে আদালতকে জানানো হয়েছে, নির্ধারিত কারিগরি বৈশিষ্ট্য (টেকনিক্যাল স্পেসিফিকেশন) অনুসরণ না করলে তা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

তিনি বলেন, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪০ ধারায় যানবাহনের কারিগরি বৈশিষ্ট্য নির্ধারণের বিষয়টি উল্লেখ রয়েছে। এসব কারিগরি বৈশিষ্ট্য লঙ্ঘন করলে আইনের ৮০ ও ৮৪ ধারার আওতায় অপরাধের বিধান রয়েছে। এ ধরনের অপরাধে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড এবং তিন লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

বিআরটিএর আইনজীবী আরও বলেন, একই আইনের ২৮ ধারায় রুট পারমিট ছাড়া কোনো যানবাহন সড়কে চলাচল করতে পারবে না বলে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

তিনি বলেন, ‘আদালত বলেছেন, শুধুমাত্র বিআরটিএ যেসব বাস চলাচলের অনুমতি দিয়েছে, সেগুলোই সড়কে চলাচল করবে। স্লিপার বাস চলাচলের জন্য বিআরটিএর অনুমতি নেই। হাইকোর্টও এ বিষয়ে কোনো অনুমতি দেননি।’

ফলে বিআরটিএর অনুমোদন ছাড়া মহাসড়কে স্লিপার বাস চলাচলের সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন