Logo

আইন ও বিচার

দেশে ধ্বংসাত্মক অপরাধে জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ফের রিমান্ডে

Icon

আইন ও আদালত ডেস্ক :

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪১

অ
দেশে ধ্বংসাত্মক অপরাধে জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ফের রিমান্ডে

বাংলাদেশে ধ্বংসাত্মক অপরাধে জড়িত থাকার সন্দেহে ৫৪ ধারায় গ্রেপ্তার ভারতীয় নাগরিক রবিউল ইসলামের আবারও চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ এ তথ্য জানান। এর আগে গত ২৩ সেপ্টেম্বর তাকে চার দিনের রিমান্ডে পাঠানো হয়। 

এদিন রিমান্ড শেষে তাকে আদালতে আনা হয়। সুষ্ঠু তদন্তের স্বার্থে ডিএমপির গোয়েন্দা রমনা বিভাগের অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার টিমের পরিদর্শক মেজবাহ উদ্দিন আবারও সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। 

আবেদনে বলা হয়, আসামিকে উত্তরা পশ্চিম থানাধীন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়। তিনি একজন ভারতীয় নাগরিক এবং ১৪ সেপ্টেম্বর থেকে বাংলাদেশে অবস্থান করছেন। তার গতিবিধি সন্দেহজনক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পাসপোর্ট প্রদর্শন করেন। নিজেকে ভারতীয় নাগরিক বলে জানালেও পরবর্তীতে তার কাছে থাকা ভারতীয় পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং এনআইডি যাচাই করে দেখা যায় যে, ড্রাইভিং লাইসেন্স ও এনআইডির জন্ম তারিখের সঙ্গে পাসপোর্টের জন্ম তারিখের কোনো মিল নেই। 

আবেদনের আরও বলা হয়, তিনি ইতোপূর্বে অনেকবার বাংলাদেশ ভ্রমণ করলেও বাংলাদেশে আসা যাওয়ার সুনির্দিষ্ট কোনো কারণ উপস্থাপন করতে পারেননি। তিনি একেক সময় একেক তথ্যসহ এলোমেলো তথ্য প্রদান করেন। ধারণা করা হচ্ছে যে, আসামি বাংলাদেশে কোনো ধ্বংসাত্মক অপরাধের সঙ্গে জড়িত আছে। সাম্প্রতিক সময়ে ঢাকা শহরসহ সারা দেশে নাশকতামূলক কার্যক্রমে তার সম্পৃক্ততা থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তাকে আপাতত ফৌজদারী কার্যবিধি ৫৪ ধারা মতে গ্রেপ্তার করা হয়। গত ২৩ সেপ্টেম্বর তাকে পুলিশ হেফাজতে এনে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে আবারও সাত দিনের রিমান্ড প্রয়োজন। 

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন