ট্রাইব্যুনালে হাসিনার উপদেষ্টা-মন্ত্রীসহ ১৪ জনের হাজিরা আজ
আদালত প্রতিবেদক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০২:০২
গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই উপদেষ্টা, বিগত আওয়ামী লীগ সরকারের ১০ মন্ত্রী, এক সেনা কর্মকর্তা ও সাবেক এক সচিবসহ ১৪ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।
আজ সোমবার (১৮ নভেম্বর) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে তাদের হাজির করা হবে।
ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন, বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী।
আসামিদের মধ্যে দুই উপদেষ্টা হলেন, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
এ ছাড়াও সাবেক মন্ত্রীদের মধ্যে রয়েছেন, আনিসুল হক, আব্দুর রাজ্জাক, ফারুক খান, দীপু মনি, শাজাহান খান, গোলাম দস্তগীর গাজী, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনাইদ আহমেদ পলক ও কামাল আহমেদ মজুমদার, সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকেও আদালতে হাজির করার কথা রয়েছে।
গত ২৭ অক্টোবর চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম তাদের গ্রেপ্তার ও ট্রাইব্যুনালে হাজির করতে আবেদন করেন। তিনি জানান, পৃথক তিনটি আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন আদালত।
জেইউ/এমইউ

