Logo

আইন ও বিচার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

১৩ আসামির বিরুদ্ধে শুনানি শুরু

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৫:৪৫

অ
১৩ আসামির বিরুদ্ধে শুনানি শুরু

সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি শুরু হয়েছে। তারা জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত। 

সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে শুনানি শুরু হয়। সকাল ১০টা ৫০ মিনিটে আসামিদের এজলাসে তোলা হয়।

গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ৪৬ জনের মধ্যে এই প্রথম মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ১৩ আসামিকে ট্রাইব্যুনালে তোলা হলো। সকাল ১০টার দিকে তাদেরকে প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয়। 

এদিকে, একসঙ্গে এত ‘ভিআইপি আসামি’ হাজির করার কারণে ট্রাইব্যুনাল এলাকায় সকাল থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে র‍্যাব-পুলিশসহ সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য। গণহত্যার মামলার তদন্তের সময় বৃদ্ধির জন্য আবেদন জানাবে তদন্ত সংস্থা।

যাদের হাজির করা হয়েছে তারা হলেন, সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডা. দীপু মনি, শাজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক, সালমান এফ রহমান, ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।

এদিকে, অন্য একটি মামলায় রিমান্ডে থাকায় আব্দুর রাজ্জাককে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। এ ছাড়া শাহজাহান খান অসুস্থ থাকায় প্রথমে আনতে না চাইলেও পরে সবার সঙ্গে তাকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়।

তদন্ত সংস্থার আলাদা আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৭ অক্টোবর বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চ তাদেরকে আদালতে হাজির করার নির্দেশ দেন। অন্য দুই সদস্য হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয়।

ডিআর/এমইউ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন