Logo

আইন ও বিচার

দুদকের মামলা

খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৬:০১

অ
খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন

ছবি : সংগৃহীত

সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক মঞ্জুরুল হোসেন দুর্নীতির মামলায় তাকে বেকসুর খালাস দেন।

এছাড়া গুলশান থানার নাশকতার মামলায় ২১ মাসের সাজা বাতিল করে তাকে খালাস প্রদান করেন ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেম। আলতাফ হোসেনের পক্ষের আইনজীবী বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের মামলার সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১৮ ডিসেম্বর দুদক কর্তৃক জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে রমনা থানায় মামলা করা হয়। 

মামলায় বলা হয়, আলতাফ হোসেন চৌধুরী নিজ নামে এবং স্ত্রী সুরাইয়া আক্তার চৌধুরীর নামে ১ কোটি ৫৩ লাখ ৫২ হাজার ৩০০ টাকার সম্পদ অর্জন-দখলে রেখে এবং সে তথ্য গোপন করে ২০০৪ সালের দুদক আইনের ২৬ (২) এবং ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। 

পরে ২০০৮ সালের ২২ জুন এই মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। এ মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত। 

এছাড়া নাশকতার মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ২০১১ সালের ৪ জুন গুলশান থানাধীন মহাখালী ওয়ারলেস গেট পানির ট্যাংকির সামনে রাস্তার ওপর অবৈধ সমাবেশ থেকে পুলিশের কাজে বাধা দেন এবং তাদের আক্রমণ করেন। রাস্তার চলাচলরত গাড়ি ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন। 

২০১৪ সালের ২৯ এপ্রিল মামলাটি তদন্তের পর গুলশান থানার এসআই কামরুল হাসান তালুকদার আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

২০২২ সালের ২৫ এপ্রিল এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালীন আদালত ১২ সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্যগ্রহণ করেছেন। ২০২৩ সালের ২৮ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী তাকে এ মামলায় ২১ মাসের কারাদণ্ডের আদেশ দেন।

জেইউ/ওএফ/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন