ইউনাইটেড হাসপাতাল চেয়ারম্যানসহ ৪ জনের গ্রেপ্তারি পরোয়ানা
আদালত প্রতিবেদক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১২:২০
ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজাসহ চার জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
অন্য আসামিরা হলেন, ইউনাইটেড হাসপাতালের এফসিএ মোস্তাক আহমেদ, সাব্বির আহমেদ ও কোম্পানি সেক্রেটারি মোস্তাফিজুর রহমান।
মঙ্গলবার (১৯ নভেম্বর) ওই আদালতের বেঞ্চ সহকারী পারভেজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানিয়েছেন, জালিয়াতি, প্রতারণা ও ব্যবসায়ীক লেনদেনে বিশ্বাস ভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় গত রবিবার (১৭ নভেম্বর) পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দাখিল করলে বাদী আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আবেদন করেন।
বাদীর পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার গোলাম কিবরিয়া জোবায়ের।
ওইদিন শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হক তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। একইসঙ্গে তামিল প্রতিবেদনের জন্য ১৪ জানুয়ারি ধার্য করেন।
মামলার আরজিতে বলা হয়েছে, ফরিদুর রহমান খান দীর্ঘ ১৫ বছর ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। করোনাকালীন ২০২০ সালের মে মাসে হাসান মাহমুদ রাজাসহ অন্য তিন আসামি জোরপূর্বক তাকে পদত্যাগে বাধ্য করেন। এরপর প্রতিষ্ঠানটিতে তার থাকা এক লাখ ২০ হাজার ১৬৫টি শেয়ার দখল করেন। প্রতিটি শেয়ারের জন্য ১ হাজার টাকা হিসেবে মোট ১২ কোটি ১ লাখ ৬৫ হাজার টাকা দেওয়ার কথা বলা হলেও আসামিরা কোনো টাকা দেননি। উপরন্তু এরপর থেকে ফরিদুর রহমান খানের শেয়ারের পাওনার বিপরীতে লভ্যাংশ না দিয়ে প্রায় এক কোটি টাকা আত্মসাৎ করেন।
এ ছাড়া ২০২৪ সালের জানুয়ারিতে ফরিদুর রহমান খানকে না জানিয়ে হাসপাতালের পরিচালক পদ থেকে বাদ দেওয়া হয়। এ ঘটনায় গত ২৮ আগস্ট ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান হাসান রাজাসহ চার জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।
জেইউ/এমইউ

