রিমান্ড শুনানি হয়নি
পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল কারাগারে
আদালত প্রতিবেদক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১৩:১৩
ছবি : সংগৃহীত
যুবদল নেতা শামীম হত্যা মামলার মূল নথি দায়রা জজ আদালতে থাকায় রিমান্ড শুনানি হয়নি। নথি প্রাপ্তি সাপেক্ষে ওই শুনানি হবে বলে আদেশ দিয়ে বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সরদার চাখারীকে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জমান এই আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক নাজমুল জান্নাত শাহ বাবুলকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন।
মূল নথি না থাকায় মূল নথি সাপেক্ষে রিমান্ডের শুনানি অনুষ্ঠিত হবে বলে আদেশ দেন বিচারক।
গত সোমবার (১৭ নভেম্বর) রাত ২টায় রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে বাবুলকে গ্রেপ্তার করে পুলিশ।
২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকা হয়। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়। এতে বাবুল সরদারকে আসামি করা হয়।
জেইউ/এমইউ

