দীর্ঘ দিন ধরে বিচারকাজ থেকে বিরত রাখা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের তিন বিচারপতি পদত্যাগ করেছেন।
তারা হলেন, বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ কে এম জহিরুল হক।
মঙ্গলবার (১৯ নভেম্বর) রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সচিব (চলতি দায়িত্ব) শেখ আবু তাহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি একেএম জহিরুল হক সংবিধানের ৯৬ (৪) অনুচ্ছেদ মতে রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করেছেন। রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।’
দুর্নীতি-অনিয়মসহ পেশাগত অসদাচরণের অভিযোগে এই তিন বিচারপতিকে ২০১৯ সালের ২২ আগস্ট বিচারিক দায়িত্ব থেকে ‘সাময়িক অব্যাহতি’ দেওয়া হয়েছিল। এরপর থেকে তারা বিচারকাজের বাইরে ছিলেন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গত ৭ নভেম্বর অভিযোগের বিষয়ে এই তিন বিচারপতির বক্তব্য গ্রহণ করে।

