সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদীর জামিন
আদালত প্রতিবেদক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১৫:৩১
বিগত আওয়ামী লীগ সরকারের আমলের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী জামিন পেয়েছেন।
বিগত জুলাই-আগস্টে ছাত্র-জনতাকে হত্যার অভিযোগে করা একটি মামলায় তাকে ৬ মাসের জামিন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) জামিন আবেদনের শুনানির পর বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি একেএম জহিরুল হক একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আসামি পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না।
পরে আদালত থেকে বেরিয়ে জেড আইন খান পান্না গণমাধ্যমকে জানান, মেহেদীর বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় তার কারামুক্তিতে বাধা নেই।
এর আগে গত ২০ সেপ্টেম্বর সীমান্ত পথে দেশ ছেড়ে পালাতে গিয়ে পুলিশের হাতে আটক হন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. মেহেদী হাসান চৌধুরী।
গত ৮ আগস্ট অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার মো. মেহেদী হাসান। তিনি এখন কেরানীগঞ্জ কারাগারে আছেন।
জেইউ/এমইউ

