গণহত্যার অভিযোগ
মামুন-জিয়াউলসহ ৮ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ
আদালত প্রতিবেদক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০২:০৮
জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যার অভিযোগের মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ আটজনকে আজ বুধবার (২০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান এই পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন ট্রাইব্যুনাল।
ওই দুইজন ছাড়াও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল কাফি, মিরপুরের সাবেক ডিসি মো. জসিম উদ্দিন মোল্লা, সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, গুলশান থানার সাবেক ওসি মো. মাজহারুল হক ও গোয়েন্দা পুলিশ (ডিবি) ঢাকা উত্তরের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করা হবে।
এর আগে সোমবার জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথমবারের মতো ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, উপদেষ্টা, সচিব ও সাবেক একজন বিচারপতিসহ ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানো হয়।
এমএজেে/এমএইচএস

