আমাদের গাঁয়ে আছে
নদী ভরা জল,
জলে ভেসে স্নান করে
বালকের দল!
আরও আছে ঝলমলে
সবুজের মাঠ,
মাঠে বসে সারি সারি
বকেদের হাট!
শুধু কি বক? আছে আরও
ছাগলের পাল,
পাশাপাশি আছে গরু
রঙ যার লাল!
মাঠের কিনারে আছে
খেজুরের গাছ,
যে গাছের ডালে চলে
পাখিদের নাচ!
প্রকৃতির রূপও সাজে
মুগ্ধ এ মন,
সরিষার ফুলে করে
মাছি ভনভন।

