বইমেলায় নাহিদ আহসানের গল্পগ্রন্থ ‘মায়ের নীল শাড়ি’
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১৬:১৫
তরুণ কথাসাহিত্যিক নাহিদ আহসানের গল্পগ্রন্থ ‘মায়ের নীল শাড়ি’র বিশেষ সংস্করণ প্রকাশিত হতে যাচ্ছে। অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে এশিয়া পাবলিকেশনস থেকে বইটি প্রকাশিত হবে।
অমর একুশে বইমেলা ২০২১-কে সামনে রেখে প্রথম প্রকাশিত হয়েছিল নাহিদ আহসানের গল্পগ্রন্থ ‘মায়ের নীল শাড়ি’। ওই বছর বইমেলাতেই বইটির প্রথম মুদ্রণ শেষ হয়ে যায়। পরবর্তীতে প্রতিবছর উপন্যাস নিয়ে কাজ করার কারণে গল্পগ্রন্থটি আর প্রকাশিত হয়নি।
‘মায়ের নীল শাড়ি’ প্রকাশের পর নাহিদ আহসানের আরও চারটি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে জ্ঞানকোষ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে উপন্যাস ‘বিষাদবাড়ি’ ও ‘মেঘজীবনের গল্প’। আর শিখা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে উপন্যাস ‘সোমেশ্বরী রাত’ এবং ‘প্রতিশোধের পাণ্ডুলিপি’। এবারের বইমেলায় এশিয়া পাবলিকেশনস থেকে প্রকাশিত হবে গল্পগ্রন্থ ‘মায়ের নীল শাড়ি’র দ্বিতীয় মুদ্রণ ও বিশেষ সংস্করণ।
বইটি সম্পর্কে নাহিদ আহসান বলেন, “আমি গল্পের মানুষ। গল্প বলতে ভালোবাসি, ছাপা অক্ষরে সে গল্পগুলো বইয়ের মধ্যে চলে আসে। কিছুক্ষেত্রে বড় পরিসরে গল্প বলি, উপন্যাসের আদলে। তবে এবার পনেরটি ছোট গল্প নিয়ে প্রকাশিত হতে যাওয়া ‘মায়ের নীল শাড়ি’ বইটি একটি গল্পগ্রন্থ হিসেবেই পাঠকের কাছে পৌঁছে যাবে। ‘মায়ের নীল শাড়ি’ নিয়ে পূর্বেও পাঠকের প্রবল ভালোবাসা পেয়েছি, এবারও তার ব্যতিক্রম হবে না বলে বেশ আশাবাদী।”
বইটি নিয়ে এশিয়া পাবলিকেশনসের প্রকাশক জানান, “নাহিদ আহসান একজন উদীয়মান তরুণ কথাসাহিত্যিক। তার লেখা পাঠকেরা পছন্দ করেছে আগেও। ‘মায়ের নীল শাড়ি’ বইটি নিয়ে আমরা বেশ আশাবাদী। বইটি শীঘ্রই প্রকাশিত হবে এবং বইমেলায় পাওয়া যাবে। এশিয়া পাবলিকেশনসের ৩৩৩ থেকে ৩৩৬ নম্বর স্টলে পাওয়া যাবে এই বইটি।”
পূর্ববর্তী সংস্করণের মতো এবারের নতুন প্রচ্ছদটিও করেছেন প্রচ্ছদশিল্পী সাহাদাত হোসেন।

