সংবাদপত্র শিল্পে ইতিবাচক প্রতিদ্বন্দ্বিতা চান তথ্য উপদেষ্টা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৮ মে ২০২৫, ২০:৪৭
নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর সঙ্গে এক মতবিনিময় সভায় তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম। ছবি : সংগৃহীত
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, সরকার সংবাদপত্র শিল্পে ইতিবাচক প্রতিদ্বন্দ্বিতা দেখতে চায়। তিনি বলেন, এখনো এই খাতে কিছু নেতিবাচক চর্চা রয়েছে, যা বন্ধ করতে হবে।
বৃহস্পতিবার (৮ মে) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর সঙ্গে এক মতবিনিময় সভায় উপদেষ্টা এ কথা বলেন।
তিনি জানান, সরকার ইতোমধ্যে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের কাজ শুরু করেছে। এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
সভায় নোয়াবের সভাপতি এ কে আজাদ বলেন, ‘গত ১২-১৩ বছরে ছাপা পত্রিকার প্রচারসংখ্যা ও বিজ্ঞাপন বাজার উভয়ই সংকুচিত হয়েছে। সংবাদপত্র একটি সেবা শিল্প হওয়া সত্ত্বেও এর উপর ২৭ দশমিক ৫ শতাংশ কর আরোপ করা হয়েছে, যা অবিবেচনাপ্রসূত।’
তিনি এই হার কমিয়ে ১০ শতাংশে আনার প্রস্তাব দেন। পাশাপাশি তিনি ওয়েজবোর্ড সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন, ‘সার্চ কমিটির মাধ্যমে ওয়েজবোর্ড গঠনের পদ্ধতি চালু করা উচিত।’
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সভায় বলেন, ‘গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনটি ভালো হয়েছে। এর বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো দ্রুত কার্যকর হওয়া জরুরি।’
সভায় নোয়াবের পক্ষ থেকে একটি স্থায়ী গণমাধ্যম কমিশন গঠনের প্রস্তাবও দেওয়া হয়।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক সংবাদের সম্পাদক আলতামাশ কবির, দ্য ফিন্যানসিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ ও দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক।
ডিআর/এমএইচএস

