Logo

গণমাধ্যম

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদে পাসের আহ্বান আত্মা’র

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১৯:০০

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদে পাসের আহ্বান আত্মা’র

সদ্য অনুমোদিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশটি আসন্ন নির্বাচন– পরবর্তী জাতীয় সংসদের প্রথম অধিবেশনে পাসের আহ্বান জানিয়েছে অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা)। ছবি : বাংলাদেশের খবর

সদ্য অনুমোদিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশটি আসন্ন নির্বাচন– পরবর্তী জাতীয় সংসদের প্রথম অধিবেশনে পাসের আহ্বান জানিয়েছে অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা)। জনস্বাস্থ্য সুরক্ষায় এটি একটি যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করে অধ্যাদেশটি আইনে রূপ দেওয়ার প্রক্রিয়ায় তামাক কোম্পানির অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর বিএমএ ভবনে আয়োজিত আত্মা’র এক সভায় এসব কথা জানানো হয়।

সভায় জানানো হয়, তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশটি আইন আকারে সংসদে গৃহীত হলে নতুন প্রজন্ম নিকোটিন পণ্য ব্যবহারে উৎসাহিত হবে না। একই সঙ্গে অন্যান্য তামাকপণ্য ব্যবহারেও জনগণ নিরুৎসাহিত হবে। নারী, শিশু ও অধূমপায়ীরা পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে সুরক্ষা পাবে। এর ফলে সার্বিকভাবে দেশে তামাকজনিত মৃত্যু ও ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমবে।

আত্মা’র নেতারা বলেন, তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ জনস্বাস্থ্য উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হলেও এর স্থায়ী সুফল পেতে সবচেয়ে জরুরি হলো এটিকে আইনে রূপ দেওয়া। সংবিধান অনুযায়ী, আসন্ন জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উপস্থাপনের ৩০ দিনের মধ্যে অধ্যাদেশটি পাস না হলে তা বাতিল বলে গণ্য হবে।

সভায় আরও জানানো হয়, তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ অনুমোদনের সময় তামাক কোম্পানিগুলোর নজিরবিহীন হস্তক্ষেপের কারণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব চূড়ান্ত অধ্যাদেশ থেকে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে— খোলা বা খুচরা তামাকপণ্য বিক্রি বন্ধ, ভ্রাম্যমাণ ও ফেরি করে তামাক বিক্রি নিষিদ্ধ, লাইসেন্সিং ব্যবস্থা চালু এবং তামাক কোম্পানির তথাকথিত সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি পুরোপুরি নিষিদ্ধ করার প্রস্তাব। ভবিষ্যৎ নীতিনির্ধারকদের এসব বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা।

আত্মার তথ্যমতে, বর্তমানে দেশে ১৫ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর প্রায় ৩৫ শতাংশ মানুষ তামাক ব্যবহার করে। তামাক ব্যবহারজনিত রোগে প্রতিবছর প্রায় দুই লাখ মানুষের মৃত্যু হয়। তামাক ব্যবহার ও উৎপাদনের কারণে স্বাস্থ্য ও পরিবেশ খাতে বছরে ক্ষতির পরিমাণ প্রায় ৮৭ হাজার কোটি টাকা, যা তামাক খাত থেকে সরকারের অর্জিত রাজস্বের দ্বিগুণেরও বেশি। ফলে অধ্যাদেশটি সংসদে পাস হলে সরকার ও জনগণ— উভয়ই লাভবান হবে বলে মত দেন তারা।

সভায় ৫৬ জন সদস্যের উপস্থিতিতে সংগঠনের কার্যক্রম ও করণীয় বিষয়ে বক্তব্য দেন আত্মা’র কো-কনভেনর মিজান চৌধুরী এবং প্রজ্ঞার হাসান শাহরিয়ার। বিশেষ আলোচনায় অংশ নেন চ্যানেল আই-এর প্রধান বার্তা সম্পাদক মীর মাশরুর জামান রনি, আত্মা’র কনভেনর মতুর্জা হায়দার লিটন, কো-কনভেনর নাদিরা কিরণ ও সদস্যসচিব এবিএম জুবায়ের।

এসআইবি/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণমাধ্যম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর