ভয়াবহ বর্ণনা সাংবাদিকের
মোটরসাইকেলে পিকআপের ধাক্কা, ‘চুলের ওপর’ দিয়ে গেল ট্রাকের চাকা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৯
আহত রাকিব হাসান। ছবি : সংগৃহীত
ওভারটেক করতে দ্রুত গতির পিকআপ ভ্যান বামে চেপে ফুটপাতে নেমে যায়। চোখের পলকে রাস্তায় ওঠার সময় চাপ দেয় মোটরসাইকেলকে। এতে মোটরসাইকেল নিয়ে সড়কে ছিটকে পড়েন রাকিব হাসান। এ সময় পেছনে থাকা ট্রাকের চাকা তার ‘চুলের ওপর দিয়ে’ চলে যায়। একটুতে প্রাণে রক্ষা পেলেও ডান হাত ভেঙে গেছে রাকিবের। চোট লেগেছে হাঁটুর নিচ থেকে ডান পায়ের গোড়ালি পর্যন্ত।
ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বছিলায় র্যাব–২ অফিসের সামনে। আহত রাকিব হাসান দৈনিক সমকালের অনলাইন বিভাগের কো-অর্ডিনেটর। বাংলাদেশের খবরকে তিনি বলেন, ‘এভাবে উন্মাদের মতো সড়কে গাড়ি চালানো কেবল এখানেই সম্ভব। একটুর জন্য প্রাণে বেঁচে গেছি।’
রাকিব জানান, তেজগাঁও শিল্প এলাকায় সমকাল অফিস থেকে মোটরসাইকেলে বছিলার বাসায় ফিরছিলেন। কেরাণীগঞ্জের দিক থেকে আসা দ্রুতগতির ওই পিকআপ ভ্যান ওভারটেকের সময় তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর দ্রুত টেনে পালিয়ে যান পিকআপের চালক। স্থানীয়রা রাকিবকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেন।
দুর্ঘটনার বর্ণনা শেষে রাকিব বলেন, ‘এখন কল্পনা করলে গা হিম হয়ে আসছে। ১৫ দিনের জন্য হাত-পায়ে প্লাস্টার করা হয়েছে। এরমধ্যে অবস্থার উন্নতি না হলে অস্ত্রোপচার করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসক। হাতের আঙুল অবশ হয়ে আছে, নাড়াতে পারছি না।’
এই প্রতিবেদকের সঙ্গে মুঠোফোনে রাকিবের কথা হয় আজ মঙ্গলবার দুপুর দুইটায়। তিনি তখন অফিস থেকে ছুটি নিয়ে গ্রামের বাড়ি যশোরের পথে। তিনি জানান, দ্রুতই আইনগত পদক্ষেপ নেবেন।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান জানিয়েছেন ভুক্তভোগী অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

