Logo

গণমাধ্যম

জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক আলী মামুদের মরদেহ উদ্ধার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৩

জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক আলী মামুদের মরদেহ উদ্ধার

বিএনপির মিডিয়া সেলের সদস্য ও দৈনিক দিনকালের সিনিয়র সাংবাদিক আলী মামুদ মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের ওয়াশরুম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

পুলিশ জানায়, পরিবারের সদস্যদের উপস্থিতিতে জাতীয় প্রেস ক্লাবের একটি শৌচাগারের দরজার দরজা ভেঙে মামুদের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গণমাধ্যমে জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেয়া হচ্ছে।

আলী মামুদের ছেলে আলী আব্দুল্লাহ তাসভীর জানান, তার বাবা দৈনিক দিনকাল পত্রিকার সিটি এডিটর ছিলেন। তাদের বাসা মধ্য বাড্ডার শাহবুদ্দিন মোড় এলাকায়। সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি বাসা থেকে বের হয়ে দুপুরে প্রেস ক্লাবে যান। রাত ১২টা বেজে গেলেও তিনি বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন সহকর্মীকে কল করে তাকে খুঁজতে থাকেন। অনেকেই জানান, সোমবার বিকেল ৫টা পর্যন্ত তারা তাকে প্রেস ক্লাবে দেখেছেন।

তাসভীর আরও বলেন, ‘আজ সকাল ৭টার দিকে আমরা আবারও তাকে খুঁজতে বের হই। প্রেস ক্লাবে একপর্যায়ে একজন পিয়ন শৌচাগারের দরজা ভেতর থেকে বন্ধ দেখে নিচ দিয়ে উঁকি দেন। ভেতরে একজনকে পড়ে থাকতে দেখে পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়। এ সময় তাকে মেঝের ওপর মৃত অবস্থায় পাওয়া যায়।’

আলী মামুদের স্ত্রী জেসমিন আরা জানান, ১২ বছর আগে তার স্বামীর ওপেন হার্ট সার্জারি হয়েছিল। হঠাৎ অসুস্থ হয়ে তিনি মারা গেছেন বলে ধারণা করছেন তারা।

আলী মামুদের স্থায়ী বাড়ি রাজশাহীর পবা উপজেলার ভীমের ডাইং গ্রামে। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি জাতীয় প্রেসক্লাবের সদস্য ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ছিলেন। 

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মরদেহ উদ্ধার মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর